পর্যটকদের নিরাপত্তা ও কক্সবাজারের পরিচ্ছন্নতায় গুরুত্ব দেওয়ার নির্দেশ পর্যটনমন্ত্রীর

ঢাকা, ৪ মে – দেশের পর্যটন কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কক্সবাজার সমুদ্র সৈকতকে আরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে এই যৌথ অধিবেশন অনুষ্ঠিত হয়। মন্ত্রী জানান, জেলা প্রশাসকদের সম্মেলনে মূল আলোচনার বিষয় ছিল বাংলাদেশের পর্যটন শিল্প। দেশের প্রতিটি জেলায় ছড়িয়ে থাকা পর্যটন স্থানগুলোর সংস্কার এবং নতুন পর্যটকদের আকর্ষণ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বিশেষ করে মনপুরা ও নেত্রকোণার মতো এলাকাগুলোতে পর্যটন সুবিধা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। মাঠ পর্যায় থেকে উন্নয়ন প্রস্তাব এলে মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা করবে বলে তিনি আশ্বাস দেন। পর্যটকদের নিরাপত্তার বিষয়ে গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, আগত দর্শনার্থীরা যাতে কোনো ধরনের নিরাপত্তাহীনতায় না ভোগেন সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে জেলা প্রশাসকদের বলা হয়েছে।
সেন্টমার্টিন নিয়ে আলোচনার বিষয়ে তিনি বলেন, বর্তমানে এটি নিয়ে চিন্তা ভাবনা চলছে তবে আজকের অধিবেশনে এ নিয়ে বিশেষ আলোচনা হয়নি। দেশের বিমানবন্দরগুলোর উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, সৈয়দপুর বিমানবন্দরের আধুনিকায়নের কাজ শুরু হয়েছে। এছাড়া ঠাকুরগাঁও ও বগুড়ায় বিমানবন্দর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
বগুড়ায় একটি ফ্লাইং একাডেমি স্থাপনের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, এর মাধ্যমে মেধাবী শিক্ষার্থীরা পাইলট হওয়ার সুযোগ পাবে। দেশের পর্যটন খাতকে একটি শক্তিশালী শিল্পে পরিণত করতে সরকার ও বেসরকারি খাতের সমন্বিত প্রচেষ্টার ওপর তিনি গুরুত্ব দেন।
এস এম/ ৪ মে ২০২৬









