জাতীয়

ঢাকায় শুরু হচ্ছে চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন

ঢাকা, ৩ মে – রাজধানী ঢাকায় আজ রবিবার থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। এবারের সম্মেলনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের পক্ষ থেকে উপস্থাপিত ৪৯৮টি প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আগামী বুধবার ৬ মে এই সম্মেলন শেষ হওয়ার কথা রয়েছে। বর্তমান সরকারের আমলের এটিই প্রথম ডিসি সম্মেলন। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে যে আটজন বিভাগীয় কমিশনার এবং ৬৪ জেলার প্রশাসকদের কাছ থেকে মোট এক হাজার ৭২৯টি প্রস্তাব পাওয়া গিয়েছিল।

তবে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দ্বিমত এবং বিগত সম্মেলনগুলোতে উপস্থাপিত হওয়ায় অনেক প্রস্তাব বাদ দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত ৪৯৮টি প্রস্তাবকে সম্মেলনের কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই সম্মেলনের উদ্বোধন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসকদের মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে। সম্মেলনের সমাপনী অধিবেশনও একই স্থানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সম্মেলন চলাকালীন জেলা প্রশাসকরা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, তিন বাহিনীর প্রধান এবং স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করবেন। মাঠ পর্যায়ের প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে এবং সরকারের নীতি বাস্তবায়নে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এস এম/ ৩ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language