ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ নিয়ে জনমত বিভক্ত, মার্কিনদের বড় অংশই সিদ্ধান্তকে ভুল বলছে

ওয়াশিংটন, ০২ মে – ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ নিয়ে মার্কিন জনগণের মধ্যে ব্যাপক বিভাজন দেখা দিয়েছে। নতুন এক জনমত জরিপে দেখা গেছে, দেশের একটি বড় অংশই এই যুদ্ধকে ভুল সিদ্ধান্ত হিসেবে দেখছেন এবং এর প্রভাব বিশ্ব অর্থনীতি ও জীবনযাত্রার ব্যয়ে পড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিকরা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট-এবিসি-ইপসোসের যৌথ জরিপের বরাতে জানা গেছে, ৬১ শতাংশ উত্তরদাতা মনে করেন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া ভুল ছিল। বিপরীতে মাত্র ৩৬ শতাংশ এই সিদ্ধান্তকে সঠিক বলেছেন।
জরিপে উঠে এসেছে, এই সংঘাতের কারণে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে এবং বিশ্বজুড়ে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে। এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার বিষয়টি সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে যুক্তরাষ্ট্রে।
গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে প্রায় ৪৪ শতাংশ মানুষ জানিয়েছেন তারা গাড়ি চালানো কমিয়ে দিয়েছেন। পাশাপাশি ৪২ শতাংশ উত্তরদাতা পারিবারিক খরচেও কাটছাঁট করেছেন বলে জানান। যাদের বার্ষিক আয় ৫০ হাজার ডলারের কম, তাদের মধ্যে এই হার আরও বেশি—৫৬ থেকে ৫৯ শতাংশ পর্যন্ত।
এই পরিস্থিতি এমন এক সময়ে সামনে এসেছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর জনপ্রিয়তা কমে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে এবং ভোটারদের বড় অংশ অর্থনৈতিক সংকট ও জীবনযাত্রার ব্যয় নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন।
জরিপে আরও বলা হয়, প্রায় ৪৬ শতাংশ মানুষ মনে করেন ইরানের ওপর হামলার সিদ্ধান্ত ট্রাম্পের পূর্ববর্তী নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক, যেখানে তিনি বিদেশি যুদ্ধে জড়িয়ে না পড়ার কথা বলেছিলেন।
বিশেষজ্ঞদের মতে, এই যুদ্ধকে ঘিরে জনমতের এই বিভাজন অতীতের ইরাক ও ভিয়েতনাম যুদ্ধের সময়কার অজনপ্রিয়তার স্মৃতি মনে করিয়ে দেয়। জরিপে অংশগ্রহণকারীদের বড় অংশই যুদ্ধের ফলাফল এখনো স্পষ্ট নয় বলে মনে করেন।
অন্যদিকে, রিপাবলিকান পার্টির সমর্থকদের মধ্যে যুদ্ধের প্রতি সমর্থন তুলনামূলকভাবে বেশি। তাদের প্রায় ৮০ শতাংশই ইরানের ওপর সামরিক পদক্ষেপকে সঠিক সিদ্ধান্ত বলে মনে করেন।
বিশ্লেষকদের মতে, এই জনমত বিভাজন ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
এনএন/ ০২ মে ২০২৬









