জাতীয়

প্রবাসীদের মর্যাদা ও শ্রমিকের অধিকার আদায়ে জামায়াত আমিরের হুঁশিয়ারি

ঢাকা, ১ মে – বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, প্রবাসীরা কঠোর পরিশ্রম করে দেশের উন্নয়নে অর্থ পাঠান, কিন্তু তারা বিদেশে যথাযথ মর্যাদা পান না। চাকরি হারালে বা কোনো বিপদে পড়লে তাদের পাশে দাঁড়ানোর কেউ থাকে না।

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত এক বিশাল সমাবেশে তিনি এসব কথা বলেন। শুক্রবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, প্রবাসীরা পাসপোর্ট নবায়নসহ নানা কাজে দূতাবাসে গিয়ে হয়রানির শিকার হন। তিনি প্রশ্ন তোলেন, যদি দূতাবাস প্রবাসীদের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে না পারে, তবে সেখানে এমন অ্যাম্বাসি থাকার প্রয়োজনীয়তা কতটুকু।

তিনি আরও বলেন, দূতাবাসের কাজ কোনো সুনির্দিষ্ট কর্মকর্তা বা কর্মচারীকে লালন-পালন করা নয়, বরং দেশের জনগণের স্বার্থ রক্ষা করা।

শ্রমিক দিবস প্রসঙ্গে তিনি বলেন, শিকাগোর ঘটনার ১৪০ বছর পার হলেও প্রতি বছর রাজনৈতিক নেতারা শুধু প্রতিশ্রুতি দিয়ে যান, যার বাস্তবায়ন হয় না। শ্রমিকদের প্রয়োজন ও মর্যাদাকে উপেক্ষা করে কোনো সমাজ টেকসই হতে পারে না।

বামপন্থী সংগঠনগুলোর সমালোচনা করে তিনি বলেন, তারা আন্দোলনের নামে মাঠ গরম করলেও শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হয় না। বরং নেতারা ব্যক্তিগত ফায়দা হাসিলের মাধ্যমে সাধারণ শ্রমিকদের বঞ্চিত করেন।

তিনি আরও উল্লেখ করেন, জামায়াতে ইসলামী কোনো প্রকার শ্রেণি সংগ্রামে বিশ্বাসী নয়। মালিক ও শ্রমিকের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার সম্পর্ক থাকতে হবে। মালিক যদি ইনসাফ না করে, তবে শ্রমিকও তার পূর্ণ শ্রম দেবে না, যার ফলে উভয়েই ক্ষতিগ্রস্ত হবে।

সংসদীয় রাজনীতিতে জামায়াত সবসময় দুঃখী মানুষের পক্ষে কথা বলবে এবং শ্রমিকদের ন্যায্যতা ও মর্যাদা প্রতিষ্ঠায় রাজপথে ও সংসদে লড়াই চালিয়ে যাবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির আনম শামসুল ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আতিকুর রহমান।

এনএন/ ১ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language