বায়ুদূষণে ঢাকা আজ পঞ্চম, শীর্ষে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগ

ঢাকা, ১ মে – জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বায়ুদূষণ ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। এর ফলে রাজধানী ঢাকাসহ পৃথিবীর বিভিন্ন প্রধান শহর ক্ষতিগ্রস্ত হচ্ছে। বৃষ্টির মধ্যেও শুক্রবার ঢাকার বাতাসের মান মাঝারি থেকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। শুক্রবার বেলা ১১টায় বায়ুমান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা আইকিউএয়ারের তালিকায় ১০৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে ঢাকা পঞ্চম অবস্থানে উঠে আসে।
১৩৩ স্কোর নিয়ে আজ বায়ুদূষণে শীর্ষে রয়েছে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগ। একই সময়ে ১৩৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এছাড়া ১৩২ স্কোর নিয়ে ভারতের দিল্লি তৃতীয় এবং ১২৯ স্কোর নিয়ে কলকাতা চতুর্থ অবস্থানে রয়েছে। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী স্কোর শূন্য থেকে ৫০ হলে ভালো এবং ৫১ থেকে ১০০ হলে বাতাস মাঝারি হিসেবে গণ্য করা হয়।
স্কোর ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। এছাড়া স্কোর ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। ৩০১ থেকে ৪০০ স্কোর ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয় যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। সাধারণত বস্তুকণা এবং ওজোনসহ পাঁচটি উপাদানের ভিত্তিতে এই বায়ুমান সূচক নির্ধারণ করা হয়। বায়ুদূষণ সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর হলেও শিশু এবং প্রবীণদের জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।
এস এম/ ১ মে ২০২৬









