ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা, ৩০ এপ্রিল – প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পৃথিবীর প্রতিটি ধর্মই মানুষকে মঙ্গলের পথে আহ্বান করে এবং প্রতিটি ধর্মেরই নিজস্ব কিছু বিধিবদ্ধ নীতিমালা রয়েছে। বৌদ্ধ ধর্মের প্রবর্তক মহামতি গৌতম বুদ্ধ তার অনুসারীদের জন্য যে পঞ্চশীল নীতি প্রদান করেছেন, তা প্রতিটি মানুষের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে বৌদ্ধ ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, রাষ্ট্রীয় বিধিবিধানের পাশাপাশি প্রতিটি নাগরিক যদি নিজ নিজ ধর্মীয় নির্দেশনা যথাযথভাবে পালন করেন, তবে সম্মিলিতভাবে একটি মানবিক রাষ্ট্র ও সমাজ গঠন করা সম্ভব হবে। তিনি আরও বলেন, বর্তমান সরকারের প্রধান অঙ্গীকার হলো এমন একটি সমাজ বিনির্মাণ করা যেখানে প্রতিটি নাগরিক স্বাধীনভাবে নিজ ধর্ম পালন করতে পারবে।
ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের কোনো ইচ্ছা বর্তমান সরকারের নেই উল্লেখ করে তিনি জোর দিয়ে বলেন, ধর্ম যার যার হলেও রাষ্ট্রের কাছে নিরাপত্তা পাওয়ার অধিকার সবার সমান। মহান মুক্তিযুদ্ধের চেতনার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষ সম্মিলিত প্রচেষ্টায় দেশ স্বাধীন করেছে। তাই এই বাংলাদেশ সবার। তিনি আরও বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই দেশে সব ধর্ম ও বর্ণের মানুষের সহাবস্থান নিশ্চিত করে। তাই কাউকে নিজেকে সংখ্যালঘু ভাবার প্রয়োজন নেই, কারণ আমরা সবাই পরিচয় বাংলাদেশি।
এস এম/ ৩০ এপ্রিল ২০২৬









