মধ্যপ্রাচ্য

ইরানে অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘বাকিতে কেনাকাটার’ বিশেষ সুযোগ

তেহরান, ২৯ এপ্রিল – ইরানে চলমান তীব্র অর্থনৈতিক সংকটের মুখে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় স্বস্তি ফেরাতে বাকিতে কেনাকাটার বা বাই নাও পে লেটার বিশেষ সুবিধা চালু করেছে দেশটির সরকার। এই ব্যবস্থার আওতায় নাগরিকরা সরাসরি সরকারি জামানত বা গ্যারান্টির মাধ্যমে প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারবেন। ইরানি গণমাধ্যমের তথ্যানুসারে নতুন এই পরিকল্পনায় ঋণ পরিশোধের নিশ্চয়তা হিসেবে সরকার সহায়ক ভূমিকা পালন করবে।

মূলত যারা সরকারি সহায়তা পান এমন পরিবারগুলো প্রতি দুই মাসে একবার দোকান থেকে মৌলিক পণ্য বাকিতে কেনার সুযোগ পাবেন। তবে এই ক্রয়ের সীমা কোনোভাবেই তাদের প্রাপ্ত সরকারি সহায়তার অঙ্কের বেশি হবে না। এই প্রকল্পের অর্থায়নে বেসরকারি কোম্পানিগুলো কাজ করবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সাম্প্রতিক সময়ে ইরানে নিত্যপ্রয়োজনীয় বহু পণ্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।

তেহরানভিত্তিক পত্রিকা ডোনিয়া ই ইকতেসাদ চলতি বছরের মূল্যস্ফীতি নিয়ে তিনটি সম্ভাব্য চিত্র তুলে ধরেছে। সংবাদমাধ্যমটির পূর্বাভাস অনুযায়ী যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের সমঝোতা হলে মূল্যস্ফীতি ৪৯ শতাংশে সীমাবদ্ধ থাকতে পারে। তবে বর্তমান পরিস্থিতি বজায় থাকলে তা ৬৭ শতাংশে পৌঁছাতে পারে। আর যদি সংঘাত বা যুদ্ধ পরিস্থিতি আরও তীব্র হয় তবে অতিমূল্যস্ফীতির জেরে তা ১২৩ শতাংশ পর্যন্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এস এম/ ২৯ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language