সিলেট থেকে পুনরায় ফ্লাইট চালুর পরিকল্পনা করছে ফ্লাই দুবাই: বিমানমন্ত্রী

সিলেট, ২৯ এপ্রিল – সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে ফ্লাই দুবাই এয়ারলাইন্স। বুধবার সকালে জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ আফরোজা খানম এই তথ্য জানিয়েছেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে সিলেট ৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই মন্তব্য করেন।
এমরান আহমদ চৌধুরী তার প্রশ্নে বলেন, সিলেটের বিপুল সংখ্যক মানুষ প্রবাসে বসবাস করেন এবং বিদেশি পর্যটকরাও নিয়মিত যাতায়াত করেন। বর্তমানে এই বিমানবন্দর থেকে কেবল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছে। প্রবাসীদের যাতায়াতের দুর্ভোগ লাঘব ও সরকারের রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে অন্যান্য দেশের এয়ারলাইন্স চালুর বিষয়ে সরকারের পরিকল্পনা জানতে চান তিনি। জবাবে বিমানমন্ত্রী জানান, বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট থেকে লন্ডন, দুবাই, আবুধাবি, মাসকট, জেদ্দা, শারজাহ ও দোহা রুটে সপ্তাহে ২৩টি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছে।
এর আগে ২০১৭ সালের মার্চ থেকে ২০১৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত ফ্লাই দুবাই এয়ারলাইন্স সিলেট রুটে ফ্লাইট পরিচালনা করেছিল। পরবর্তী সময়ে তারা কার্যক্রম বন্ধ করলেও বর্তমানে পুনরায় ফ্লাইট চালুর আগ্রহ প্রকাশ করেছে। মন্ত্রী আরও উল্লেখ করেন যে, যেকোনো আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা মূলত এয়ারলাইন্সগুলোর বাণিজ্যিক সিদ্ধান্তের ওপর নির্ভর করে।
তবে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় ও সিভিল এভিয়েশন অথরিটি সব আগ্রহী এয়ারলাইন্সকে প্রয়োজনীয় নীতিগত সহায়তা প্রদানে প্রস্তুত। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ও কার্গো পরিবহনের জন্য ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মতো পর্যাপ্ত সুযোগ সুবিধা রয়েছে বলে তিনি জানান। ফলে বিদেশি এয়ারলাইন্সগুলোর ফ্লাইট পরিচালনায় কোনো কারিগরি প্রতিবন্ধকতা নেই।
এস এম/ ২৯ এপ্রিল ২০২৬









