চাঁদপুর ও নীলফামারীতে মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের উদ্যোগ প্রধানমন্ত্রীর

চাঁদপুর, ২৯ এপ্রিল – চাঁদপুর ও নীলফামারী জেলায় নতুন মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বুধবার জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহিমের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন হাফিজ উদ্দিন আহমদ।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার ভূমিহীন, গৃহহীন এবং অসহায় পরিবারের জন্য টেকসই আবাসন ও সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। ২০০১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে আবাসন প্রকল্প শুরু করা হয়েছিল, যার লক্ষ্য ছিল ছিন্নমূল মানুষের পুনর্বাসন। সেই সময়ে প্রায় ৬৫ হাজার পরিবারকে এই প্রকল্পের আওতায় পুনর্বাসিত করা হয়েছিল।
তিনি আরও জানান, প্রাকৃতিক দুর্যোগ ও নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বর্তমানে ভূমি মন্ত্রণালয়ের অধীনে গুচ্ছগ্রাম-৩ পর্যায় প্রকল্পের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ জেলা ও উপজেলা পর্যায়ে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসন ব্যবস্থা সম্প্রসারণে কাজ করছে।
সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের অন্য একটি প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, দেশে বর্তমানে ৩৭টি সরকারি মেডিকেল কলেজ রয়েছে। এর মধ্যে ২৩টিতে ৫০০ শয্যার হাসপাতালের কার্যক্রম চলছে। আরও আটটি জেলায় ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের নির্মাণ কাজ চলমান আছে। এ ছাড়া মাগুরা, হবিগঞ্জ, নেত্রকোণা ও নওগাঁ মেডিকেল কলেজ নির্মাণের জন্য ডিপিপি প্রণয়ন করা হচ্ছে এবং চাঁদপুর ও নীলফামারীর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এস এম/ ২৯ এপ্রিল ২০২৬









