জাতীয়

খাল কেটে কুমির আনবেন না, সংসদে বিরোধীদলকে তথ্য প্রতিমন্ত্রীর হুঁশিয়ারি

ঢাকা, ২৬ এপ্রিল – বিরোধীদলকে সতর্ক করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশে পুনরায় ফ্যাসিস্ট শক্তির উত্থান ঘটে এমন কোনো কাজ করা যাবে না। তিনি বলেন, খাল কেটে কুমির আনবেন না।

রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার উদ্ধৃতি দিয়ে প্রতিমন্ত্রী বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, জনগণের সম্পদ লুটপাট করতে করতে তারা এমন অবস্থায় পৌঁছেছিল যে শেষ পর্যন্ত তাদের দেশ ছেড়ে পালাতে হয়েছে। প্রশাসনের একাংশ ও মন্ত্রিসভাকে নিয়ে তাদের এই করুণ পরিণতি থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি।

বিরোধীদলের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আপনাদেরও এ বিষয়ে সতর্ক থাকতে হবে যাতে একই ধরনের পরিস্থিতির সৃষ্টি না হয়।

প্রতিমন্ত্রী জানান, বিএনপি কর্তৃক জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করা হবে।

এই প্রতিশ্রুতি রক্ষায় কোনো সংশয় নেই উল্লেখ করে তিনি বলেন, জুলাই আন্দোলনকে কেউ যদি নিজেদের ব্যক্তিগত সম্পত্তি মনে করে তবে তা হবে আত্মঘাতী। দেশের ভবিষ্যতের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কেবল বিরোধিতার খাতিরে বিরোধিতা করা ঠিক নয়। বিশেষ করে জুলাই আন্দোলনের শহীদদের সংখ্যা নিয়ে কোনো ধরনের বিতর্ক সৃষ্টি না করার জন্য তিনি সবার প্রতি অনুরোধ জানান।

তিনি আরও বলেন, মুখে মধু আর অন্তরে বিষ রেখে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। তাই কোনো নতুন ন্যারেটিভ তৈরি না করে সংসদে গঠনমূলক বিতর্ক করার জন্য তিনি বিরোধী জোটের প্রতি আহ্বান জানান।

এনএন/ ২৬ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language