গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ৩ জন নিহত

জেরুজালেম, ২৬ এপ্রিল – ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় এক অন্তঃসত্ত্বা নারী ও তার দুই সন্তান নিহত হয়েছেন।
শনিবার গাজার বেইত লাহিয়া এলাকার একটি আবাসিক ভবনে এই হামলা চালানো হয়।
নিহতদের স্বজন খালেদ আল-তানানি জানান, তারা এলাকাটিকে নিরাপদ ভেবে সেখানে আশ্রয় নিয়েছিলেন। খালেদ আল-তানানি এই হামলায় তার স্ত্রী ও দুই শিশু সন্তানকে হারিয়েছেন।
ইসরায়েল ও হামাসের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতি চলাকালীন এই হামলা চালানো হয়েছে বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে।আল-শিফা হাসপাতালের সামনে নিহতদের জানাজা অনুষ্ঠিত হয়।
স্থানীয়দের অভিযোগ, যুদ্ধবিরতি চলাকালেও ইসরায়েলি বাহিনী নিয়মিতভাবে চুক্তি লঙ্ঘন করে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করছে।
গাজা মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, গত ১৪ এপ্রিল পর্যন্ত ইসরায়েল ২,৪০০ বারের বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এর মধ্যে রয়েছে হত্যা, গ্রেপ্তার, অবরোধ এবং কৃত্রিম খাদ্য সংকট তৈরির মতো নীতি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৯৭২ জন ফিলিস্তিনি নিহত এবং ২,২৩৫ জন আহত হয়েছেন। দীর্ঘকালীন অবরোধ ও চলমান সংঘাতের ফলে গাজা উপত্যকায় বর্তমানে চরম মানবিক সংকট বিরাজ করছে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে ফিলিস্তিনের হাসপাতাল ও অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে প্রায় ১৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে মানবেতর জীবনযাপন করছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় গাজায় মোট নিহতের সংখ্যা ৭২ হাজার ৩২৮ জনে দাঁড়িয়েছে এবং আহতের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৭২ হাজার। হতাহতদের একটি বড় অংশই নারী ও শিশু।
এনএন/ ২৬ এপ্রিল ২০২৬









