জাতীয়

বিএনপির সংরক্ষিত নারী আসনের প্রার্থী মাধবী মারমার প্রার্থিতা বাতিলের আবেদন

ঢাকা, ২৬ এপ্রিল – ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী মাধবী মারমার প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক চন্দ্রা চাকমা। রবিবার রাজধানীর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার বরাবর তিনি এই আবেদন জমা দেন। আপিল জমা দেওয়ার পর চন্দ্রা চাকমা সাংবাদিকদের জানান, সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাধবী মারমা বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্যের পদ থেকে পদত্যাগ না করেই গত ২১ এপ্রিল মনোনয়নপত্র দাখিল করেছেন যা আইনগতভাবে অবৈধ।

তিনি আরও বলেন, জেলা পরিষদের আইন অনুযায়ী কোনো সদস্য পদত্যাগ করতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করতে হয় এবং তা গৃহীত হওয়ার পর পদটি শূন্য হয়। মাধবী মারমা এই নিয়ম এবং নির্বাচন কমিশনের বিধান লঙ্ঘন করেছেন বলে তিনি দাবি করেন। চন্দ্রা চাকমা নিজেও এই সংরক্ষিত আসনের একজন প্রার্থী ছিলেন বলে জানান।

তবে এই অভিযোগ অস্বীকার করে মাধবী মারমা জানিয়েছেন যে তিনি গত ২০ এপ্রিল পদত্যাগ করেছেন এবং সেই পত্রের কপি অনুমোদিত হয়ে নির্দিষ্ট দপ্তরে পৌঁছে গেছে। এদিকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুহা. আবুল মনসুর জানান যে মাধবী মারমার পদত্যাগপত্রের ফাইলটি ২৬ এপ্রিল তার হস্তগত হয়েছে। বিষয়টি এখন নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

এস এম/ ২৬ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language