রাজশাহী

রাজশাহীতে শিক্ষিকাকে লাঞ্ছিত ও কলেজে ভাঙচুর: বিএনপি নেতা আকবর আলী বহিষ্কৃত

রাজশাহী, ২৪ এপ্রিল – রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে ভাঙচুর এবং এক নারী শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণের অভিযোগে স্থানীয় বিএনপি নেতা আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

আকবর আলী দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি পদে দায়িত্বরত ছিলেন। বৃহস্পতিবার দুপুরে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলাকালীন কলেজ প্রাঙ্গণে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওইদিন দুপুরে বিএনপির কয়েকজন নেতাকর্মী কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের কক্ষে প্রবেশ করে বিভিন্ন বিষয় নিয়ে তর্কে জড়ান। বিশেষ করে বিগত অধ্যক্ষের আমলের আয়-ব্যয়ের হিসাব জানতে চাওয়া নিয়ে এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে তারা প্রভাষক আলেয়া খাতুন হীরার ওপর আক্রমণ করেন। পরবর্তীতে তারা আবারও দলবদ্ধ হয়ে অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকদের ওপর হামলা চালায় এবং অফিস কক্ষে ব্যাপক ভাঙচুর চালায়।

এই হামলায় কলেজের অধ্যক্ষ ও শিক্ষিকাসহ অন্তত পাঁচজন আহত হন বলে জানা গেছে।

উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কলেজ কেন্দ্রে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

এনএন/ ২৪ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language