দুর্গাপুরে পরীক্ষা চলাকালে কলেজে হামলা, নারী শিক্ষককে পেটালেন বিএনপি নেতা

রাজশাহী, ২৪ এপ্রিল – রাজশাহীর দুর্গাপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে ডিগ্রি পরীক্ষা চলাকালীন কলেজে ঢুকে এক নারী শিক্ষককে জুতা দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে।
এ সময় কলেজের অফিসকক্ষ ভাঙচুরসহ অধ্যক্ষ ও অন্তত পাঁচজন শিক্ষককে বেধড়ক মারধর করা হয়েছে বলে জানা গেছে।
ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। হামলায় অভিযুক্ত ব্যক্তি দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলী।
প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজে ২০২৪ সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলায় প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্র ও এর আশেপাশে ১৪৪ ধারা জারি ছিল। পরীক্ষা উপলক্ষে কলেজে সকাল থেকেই পুলিশ মোতায়েন থাকলেও তা উপেক্ষা করে আকবর আলীর নেতৃত্বে ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী অধ্যক্ষের কক্ষে প্রবেশ করেন। সেখানে তারা শিক্ষকদের ওপর হামলা ও আসবাবপত্র ভাঙচুর শুরু করেন।
হামলায় গুরুতর আহত কলেজ অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রভাষক আলেয়া খাতুন হীরা ও অধ্যাপক রেজাউল করিম আলমসহ অন্যদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী শিক্ষকরা অভিযোগ করেছেন, আকবর আলী ছাড়াও আফাজ আলী, শাহাদ আলী, জয়নাল আলীসহ স্থানীয় বিএনপির একাধিক নেতাকর্মী এই হামলায় অংশ নেন।
অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের দাবি, দায়িত্ব নেওয়ার পর থেকেই একটি পক্ষ তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়াতেই এই হামলার পরিকল্পনা করা হয়।
নারী শিক্ষক আলেয়া খাতুন হীরা জানান, বিএনপির কিছু নেতাকর্মী প্রায়ই কলেজে এসে হিসাব নিকাশ চাওয়ার নামে হয়রানি করতেন। অধ্যক্ষের পক্ষ নেওয়ায় তাকেও শারীরিক লাঞ্ছনার শিকার হতে হয়েছে।
অন্যদিকে স্থানীয় এক বিএনপি নেতা অভিযোগ করেছেন, সাবেক অধ্যক্ষের সময়ের দুর্নীতির হিসাব না দেওয়া এবং শিক্ষকদের পক্ষ থেকে আগে হামলার কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল।
দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম জানান, পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেও হামলাকারীদের নিবৃত্ত করতে পারেনি। অনধিকার প্রবেশ ও ভাঙচুরের ঘটনায় অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এনএন/ ২৪ এপ্রিল ২০২৬









