জাতীয়

অপরাধ দমনে রাজধানীতে ১১ হাজার সিসি ক্যামেরা বসানো হবে: ডিএমপি কমিশনার

ঢাকা, ২৩ এপ্রিল – রাজধানীতে অপরাধ দমনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর অংশ হিসেবে ঢাকা জুড়ে ১১ হাজার এবং মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাং, সন্ত্রাস ও ছিনতাই ঠেকাতে পৃথকভাবে ৭০০ সিসি ক্যামেরা স্থাপন করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার।

বৃহস্পতিবার মোহাম্মদপুরের বছিলায় একটি অস্থায়ী পুলিশ ক্যাম্পের উদ্বোধন এবং ওপেন হাউজ ডে অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এই তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, বছিলা এলাকায় সরকারি উদ্যোগে শীঘ্রই ৭০০ সিসি ক্যামেরা স্থাপনের কাজ শুরু হবে। ইতিপূর্বে গুলশান ও বনানী এলাকায় ১ হাজার ৩০০টি সিসি ক্যামেরা স্থাপনের ফলে সেখানে অপরাধের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। তিনি স্থানীয় বাসিন্দাদের নিজেদের বাসা বাড়ির আশেপাশে নিজস্ব উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপনের আহ্বান জানান। এছাড়া সরকার শীঘ্রই পুরো ঢাকা মহানগরীর জন্য ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপনের একটি বড় প্রকল্প অনুমোদন দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এটি বাস্তবায়িত হলে ঢাকা মহানগর আরও নিরাপদ হয়ে উঠবে।

মোহাম্মদপুরকে অপরাধপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করে সেখানে পুলিশের সক্ষমতা বৃদ্ধির ঘোষণা দেন মো. সরওয়ার। তিনি জানান, এই এলাকায় আরও একটি নতুন পুলিশ ফাঁড়ি স্থাপন করা হবে। এরই মধ্যে নবনিযুক্ত ফাঁড়িতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া রাজধানীর ৫০টি থানায় অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি), সহকারী পুলিশ কমিশনার (এসি) ও পেট্রোল ইন্সপেক্টর নিয়োগ দেওয়া হয়েছে।

অপরাধীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, বছিলা ও মোহাম্মদপুর এলাকার অপরাধীদের একটি তালিকা পুলিশের কাছে রয়েছে। যাদের বৈধ আয়ের উৎস নেই এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত, তাদের গতিবিধি বিশ্লেষণ করে দ্রুত আইনের আওতায় আনা হবে। এলাকায় অটোরিকশার উপদ্রব কমাতে সচেতন নাগরিকদের সহায়তা চেয়ে তিনি অপরাধীদের তথ্য দাতাদের জন্য পুরস্কারের ঘোষণা দেন।

জেনেভা ক্যাম্পের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, সেখানে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে এবং পুলিশ, ডিবি ও র‍্যাব যৌথভাবে কাজ করছে। কিশোর গ্যাং সদস্যদের চিহ্নিত করে ধরাকে ডিএমপি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এনএন/ ২৩ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language