১০০০ মাদরাসায় কারিগরি ট্রেড কোর্স চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

ঢাকা, ২৩ এপ্রিল – মাদরাসা শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে দেশের আরও এক হাজার মাদরাসায় পর্যায়ক্রমে কারিগরি ট্রেড কোর্স চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য প্রদান করেন।
শিক্ষামন্ত্রী জানান যে, মাদরাসা কারিকুলামে পেশাভিত্তিক ও বৃত্তিমূলক বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বিজ্ঞান, প্রযুক্তি, আইটি এবং ইংরেজি ভাষায় দক্ষ করে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সবার জন্য কারিগরি শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ। ইতোমধ্যে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ গঠিত একটি কমিটি কারিকুলাম পরিমার্জনের কাজ শুরু করেছে।
মন্ত্রী আরও উল্লেখ করেন যে, বর্তমানে ৫৪৮টি মাদরাসায় ভোকেশনাল কোর্স চালু রয়েছে এবং পর্যায়ক্রমে আরও ১ হাজার মাদরাসায় কারিগরি ট্রেড চালু করা হবে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদ অধিবেশনটি শুরু হয়।
এনএন/ ২৩ এপ্রিল ২০২৬









