জাতীয়

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ

দিনাজপুর, ২৩ এপ্রিল – দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বুধবার মধ্যরাতে কেন্দ্রটির সর্বশেষ সচল ১ নম্বর ইউনিটটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই প্ল্যান্টটি বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক এই তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে যে কেন্দ্রটির ৫২৫ মেগাওয়াট ক্ষমতার তিনটি ইউনিটের মধ্যে ১২৫ মেগাওয়াটের ২ নম্বর ইউনিটটি ২০২০ সালের নভেম্বর থেকে সংস্কারকাজের জন্য বন্ধ রাখা হয়েছে। বাকি ১ ও ৩ নম্বর ইউনিটের মাধ্যমে উৎপাদন অব্যাহত রাখার চেষ্টা করা হলেও যান্ত্রিক ত্রুটির কারণে তা সম্ভব হচ্ছে না।

বয়লার লিকেজ এবং টারবাইন সেন্সরের সমস্যার কারণে বারবার কেন্দ্রটির উৎপাদন থমকে যাচ্ছে। দীর্ঘদিনের পুরনো এই বিদ্যুৎ কেন্দ্রটিতে বারবার বিপর্যয় দেখা দেওয়ায় উত্তরাঞ্চলে বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা দেখা দিয়েছে।

এনএন/ ২৩ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language