জাতীয়

দেশে নদী দখলদার প্রায় ২২ হাজার, সংসদকে জানালেন নৌমন্ত্রী

ঢাকা, ২৩ এপ্রিল – দেশে নদ-নদীর অবৈধ দখলদার হিসেবে বর্তমানে ২১ হাজার ৯৮২ জনকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর প্রশ্নের জবাবে তিনি এ তথ্য প্রদান করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এই প্রশ্নোত্তর টেবিলে জাতীয় নদী রক্ষা কমিশনের হালনাগাদ তালিকার বরাত দিয়ে জবাবটি উপস্থাপন করা হয়।

নৌমন্ত্রী জানান যে, দখলদারদের এই তালিকা ওয়েবসাইটে প্রকাশ এবং প্রয়োজনীয় উচ্ছেদ কর্মপরিকল্পনা পাঠাতে দেশের সকল জেলা প্রশাসককে অনুরোধ জানানো হয়েছে। নৌ পরিবহন মন্ত্রণালয় অবিলম্বে উচ্ছেদযোগ্য তালিকা পাওয়া সাপেক্ষে উচ্ছেদ অভিযান পরিচালনা করবে বলে তিনি সংসদকে আশ্বস্ত করেন। একই সাথে পায়রা বন্দর পুরোপুরি কার্যকর করার বিষয়েও মন্ত্রী ইতিবাচক তথ্য দেন।

তিনি বলেন, বন্দরের জেটি থেকে ঢাকা কুয়াকাটা সড়কের সংযোগ স্থাপনের জন্য আন্ধারমানিক নদীর ওপর ১ হাজার ১৮০ মিটার দীর্ঘ চার লেনের সেতু এবং ৬ দশমিক ৩৫ কিলোমিটার ছয় লেনের টার্মিনাল সংযোগ সড়কের কাজ প্রায় শেষের দিকে। চলতি বছরের ডিসেম্বর নাগাদ এই কাজ সম্পন্ন হলে আগামী বছরের শুরুতে বন্দরটি পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এছাড়া রাবনাবাদ চ্যানেলের নাব্যতা বজায় রাখা এবং বন্দরের নিজস্ব খনন সক্ষমতা তৈরির লক্ষ্যে খননযন্ত্র ক্রয়ের প্রক্রিয়া চলমান রয়েছে। এই সক্ষমতা অর্জিত হলে ২০২৭-২৮ সালের মধ্যে পায়রা বন্দরে সব ধরনের বড় জাহাজ চলাচল করতে পারবে বলে মন্ত্রী উল্লেখ করেন।

এস এম/ ২৩ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language