লেবানন ছাড়ার জরুরি নির্দেশ দিল যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন, ২৩ এপ্রিল – লেবাননের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে বৈরুতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। বাণিজ্যিক ফ্লাইট চলাচল স্বাভাবিক থাকা অবস্থাতেই নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। মার্কিন দূতাবাস এক বিবৃতিতে সতর্ক করে বলেছে যে লেবাননের বর্তমান পরিস্থিতি অত্যন্ত জটিল।
যারা এই নির্দেশের পরও দেশটিতে অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছেন, তাদের জরুরি পরিস্থিতির জন্য বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখতে বলা হয়েছে। পাশাপাশি স্থানীয় সংবাদমাধ্যম এবং দূতাবাসের নিয়মিত তথ্যের ওপর নজর রাখতে নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে সমগ্র লেবাননজুড়ে সন্ত্রাসবাদ এবং অপহরণের ঝুঁকি রয়েছে। বৈরুতসহ দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্র এবং মার্কিন নাগরিকদের যাতায়াত রয়েছে এমন স্থানগুলো সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হতে পারে।
উদ্ভূত পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের সব ধরনের বিক্ষোভ এবং বড় জনসমাগম এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। উল্লেখ্য যে গত ১৭ এপ্রিল থেকে লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও সীমান্তে উত্তেজনা কমেনি। ইসরায়েলের হামলা পুরোপুরি বন্ধ করার লক্ষ্য নিয়ে এই যুদ্ধবিরতি ঘোষিত হলেও বাস্তব পরিস্থিতি ভিন্ন। যুদ্ধবিরতি চলাকালীন সময়েও লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলি আক্রমণ অব্যাহত থাকায় নিরাপত্তা ঝুঁকি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।
এস এম/ ২৩ এপ্রিল ২০২৬









