পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ

ঢাকা, ২৩ এপ্রিল – জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে বাস ও ট্রাকসহ গণপরিবহনের নতুন ভাড়া নির্ধারণের বিষয়ে আজ বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বুধবার সচিবালয়ে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে সৃষ্ট পরিস্থিতি ও নতুন ভাড়া নির্ধারণ সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
মন্ত্রী জানান, গত বুধবারের সভায় ভাড়ার বিষয়ে প্রাথমিক আলোচনা হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। তবে আজ বৃহস্পতিবার পরবর্তী বৈঠকের মাধ্যমে নতুন ভাড়া চূড়ান্ত করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অন্যদিকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি বর্তমান পরিস্থিতিকে পরিবহন খাতের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিজেলের দাম লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধি এবং ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ায় আমদানিকৃত খুচরা যন্ত্রাংশের দাম আকাশচুম্বী হয়েছে। এতে যানবাহন রক্ষণাবেক্ষণ খরচ উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। পরিবহন খাতের স্থিতিশীলতা বজায় রাখতে এবং ব্যবসায়িক ক্ষতি কাটিয়ে উঠতে জ্বালানির বর্তমান দাম ও রক্ষণাবেক্ষণ খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত যৌক্তিক ভাড়া পুনর্নির্ধারণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন পরিবহন খাতের নেতারা।
এস এম/ ২৩ এপ্রিল ২০২৬









