যুদ্ধে কাজ হারিয়েছেন ২০ লাখ ইরানি, ঝুঁকিতে কোটি মানুষের কর্মসংস্থান

তেহরান, ২৩ এপ্রিল – যুদ্ধের প্রভাবে ইরানে ভয়াবহ কর্মসংস্থান সংকট তৈরি হয়েছে। দেশটির শ্রম উপমন্ত্রী গোলাম হোসেন মোহাম্মাদির দেওয়া তথ্য অনুযায়ী, চলমান সংঘাতের কারণে দেশটিতে ইতোমধ্যে ২০ লাখের বেশি মানুষ চাকরি হারিয়েছেন। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং দীর্ঘকালীন ইন্টারনেট ব্ল্যাকআউটের ফলে ইরানের ভঙ্গুর অর্থনীতি এখন গভীর সংকটের মুখোমুখি।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলায় ইরানের তেল ও গ্যাস ক্ষেত্র, পেট্রোকেমিক্যাল শিল্প, ইস্পাত ও অ্যালুমিনিয়াম কারখানাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ধ্বংসযজ্ঞের ফলে শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে যা সরাসরি কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব ফেলেছে।
জানুয়ারি মাসে ইরানে সরকারবিরোধী বিক্ষোভের সময় সৃষ্ট ইন্টারনেট বিভ্রাট এবং ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধের ফলে চলমান ব্ল্যাকআউটের কারণে দেশটির ডিজিটাল অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। এমন প্রতিকূল পরিস্থিতিতে দেশজুড়ে ব্যাপক হারে কর্মী ছাঁটাই চলছে। ইরানের সামাজিক নিরাপত্তা সংস্থার সাবেক অর্থনীতিবিদ হাদি কাহালজাদেহ আশঙ্কা প্রকাশ করেছেন যে, দেশটির মোট শ্রমশক্তির প্রায় অর্ধেক অর্থাৎ ১ কোটি থেকে ১ কোটি ২০ লাখ মানুষের কর্মসংস্থান বর্তমানে ঝুঁকির মুখে রয়েছে।
ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, শ্রম উপমন্ত্রী এবং কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ সংস্থার প্রধান গোলাম হোসেন মোহাম্মাদি চলতি সপ্তাহের শুরুতে এই সংকটের কথা স্বীকার করেন। তিনি জানান, প্রাথমিক হিসাব অনুযায়ী যুদ্ধের কারণে ১০ লাখের বেশি মানুষ সরাসরি কাজ হারিয়েছেন। এছাড়া পরোক্ষভাবে আরও ১০ লাখ মিলিয়ে মোট ২০ লাখ মানুষ বেকার হয়ে পড়েছেন।
এস এম/ ২৩ এপ্রিল ২০২৬









