জাতীয় দলের কোচ নির্বাচনে বিশেষ কমিটির প্রথম সভা, বাদ পড়লেন ১০০ প্রার্থী

ঢাকা, ২২ এপ্রিল – বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পরবর্তী প্রধান কোচ বাছাইয়ের প্রক্রিয়া শুরু করেছে বাফুফে। আজ অনুষ্ঠিত বিশেষ কমিটির প্রথম সভায় প্রায় ১০০ জন প্রার্থীর আবেদন বাতিল করা হয়েছে।
বর্তমানে কোচ হওয়ার দৌড়ে ১৭০ জন প্রার্থী টিকে রয়েছেন বলে জানিয়েছেন কমিটির সদস্য কামরুল ইসলাম হিলটন।
তিনি জানান যে আগামী কয়েক দিনের মধ্যে ২০ থেকে ৩০ জনের একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করে জাতীয় দল কমিটির কাছে হস্তান্তর করা হবে। পরবর্তী ধাপে সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে কোচ চূড়ান্ত করা হবে।
সাবেক জাতীয় ফুটবলার ছাইদ হাসান কানন জানান যে নতুন কোচ নির্বাচনের ক্ষেত্রে উয়েফা প্রো লাইসেন্স এবং এশিয়ায় কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বিশেষত ইউরোপীয় ও আর্জেন্টাইন কোচদের ওপর গুরুত্ব দিচ্ছে বাফুফে।
কমিটির পক্ষ থেকে আরও জানানো হয় যে সদ্য বিদায়ী কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা কিংবা দেশীয় কোচ মারুফুল হক কোনো আবেদন করেননি। তবে স্থানীয় কোচদের মধ্যে জুলফিকার মাহমুদ মিন্টুর আবেদন পর্যালোচনা করা হচ্ছে।
এনএন/ ২২ এপ্রিল ২০২৬









