ভার্চুয়াল আদালত বর্জন: কঠোর কর্মসূচির ডাক সুপ্রিম কোর্টের আইনজীবীদের

ঢাকা, ২২ এপ্রিল – বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সপ্তাহে দুই দিন সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ভার্চুয়ালি আদালত পরিচালনার সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন আইনজীবীরা।
সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়াল পদ্ধতিতে বিচারিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্তকে বিচারের নামে প্রহসন হিসেবে অভিহিত করেছেন আন্দোলনকারী আইনজীবীরা। এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবিতে সুপ্রিম কোর্ট চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আইনজীবী নেতারা জানিয়েছেন যে আজকের মধ্যে ভার্চুয়ালি কোর্ট পরিচালনার সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে আগামীকাল বৃহস্পতিবার থেকে কালো পতাকা মিছিলসহ লাগাতার কঠোর কর্মসূচি পালন করা হবে।
বুধবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সংবিধান সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক সিনিয়র আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। সমাবেশে আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, ব্যারিস্টার মোকছেদুল ইসলাম, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ এবং ব্যারিস্টার আশরাফুল ইসলামসহ অন্যান্যরা।
এর আগে প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ভার্চুয়াল কোর্ট পরিচালনার বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় প্রতি বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট উভয় বিভাগে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভার্চুয়াল উপস্থিতিতে আদালত পরিচালিত হবে। তবে সপ্তাহের অন্যান্য কার্যদিবসে যথারীতি সশরীরে উপস্থিতির মাধ্যমে বিচারিক কার্যক্রম চলবে।
আইনজীবীরা বলছেন যে এই সিদ্ধান্তের ফলে বিচারপ্রার্থীরা ক্ষতিগ্রস্ত হবেন এবং নিয়মিত বিচার প্রক্রিয়া ব্যাহত হবে। পরপর দুই দিন আইনজীবীরা এই কর্মসূচি পালন করে আসছেন।
এনএন/ ২২ এপ্রিল ২০২৬









