ঢাকা আসছেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ

ঢাকা, ২২ এপ্রিল – দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক সুসংহত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চ শিগগিরই ঢাকা সফর করবেন। মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে এক সৌজন্য বৈঠকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন এই তথ্য জানান। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সংসদীয় কার্যক্রম অত্যন্ত সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালিত হচ্ছে। তিনি একে গণতন্ত্র চর্চার একটি ইতিবাচক উদাহরণ হিসেবে অভিহিত করেন। রাষ্ট্রদূত আরও বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ উভয় রাষ্ট্রের জন্য মঙ্গলজনক হবে। আলোচনাকালে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বাংলাদেশের নতুন আমদানি নীতি আদেশ সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেন।
এর প্রেক্ষিতে বাণিজ্যমন্ত্রী জানান যে, নতুন আমদানি নীতি প্রণয়নের কাজ বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, খুব দ্রুতই আমদানি নীতি আদেশ ২০২৬ এর খসড়াটি ব্যবসায়ী ও সংশ্লিষ্ট মহলের মতামতের জন্য উন্মুক্ত করা হবে। বৈঠকে উভয় পক্ষই দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ বৃদ্ধি এবং নীতিগত সহযোগিতা সম্প্রসারণে একমত পোষণ করেন। সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব আবদুর রহিম খান এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পলিটিক্যাল ইকোনমিক কাউন্সিলর এরিক গিলানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এস এম/ ২২ এপ্রিল ২০২৬









