৫২ দিনে ৪৪ হাজার কোটি টাকা ঋণ: সংসদে রুমিন ফারহানার সমালোচনা

ব্রাহ্মণবাড়িয়া, ২১ এপ্রিল – জাতীয় সংসদে বর্তমান সরকারের ব্যাংকঋণ গ্রহণের হার এবং রাজস্ব আদায়ের পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি অভিযোগ করেন যে, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের মাত্র ৫২ দিনের মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে। এর ফলে চলতি অর্থবছরের বাজেটে নির্ধারিত ঋণের লক্ষ্যমাত্রা ইতোমধ্যেই অতিক্রম করেছে। মঙ্গলবার জাতীয় সংসদে সম্পূরক প্রশ্নকালে তিনি এসব তথ্য তুলে ধরেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৮তম দিনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনটি অনুষ্ঠিত হয়। রুমিন ফারহানা বলেন, বাজেটে ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৪ হাজার কোটি টাকা। অথচ চলতি অর্থবছরের জুলাই থেকে ৯ এপ্রিল পর্যন্ত সরকার ১ লাখ ১২ হাজার ৭৬১ কোটি টাকা ঋণ নিয়েছে, যা লক্ষ্যমাত্রার ১০৮ শতাংশ। তিনি আরও জানান যে, রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা থেকে প্রায় ৭৫১ হাজার কোটি টাকা পিছিয়ে রয়েছে। এ সময় তিনি রাজস্ব বাড়ানো এবং করের আওতা বৃদ্ধির বিষয়ে সরকারের পরিকল্পনা জানতে চান।
জবাবে অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার মাত্র দুই মাসের মতো দায়িত্ব পালন করছে এবং ঋণের এই পরিসংখ্যানটি মূলত আগের পরিস্থিতির ধারাবাহিকতা। তিনি আশ্বস্ত করেন যে, বিএনপি সরকার আগামী বাজেটে স্থানীয় ব্যাংক থেকে ঋণ নেওয়ার প্রবণতা কমিয়ে আনবে। অর্থমন্ত্রী আরও উল্লেখ করেন যে, বিগত দিনের অনেক দায়বদ্ধতা বর্তমান সরকারকে গ্রহণ করতে হয়েছে যার ফলে ব্যবসায়ীরা সংকটে রয়েছেন এবং শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। পরিস্থিতি কাটিয়ে উঠতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে যার প্রতিফলন আগামী বাজেটে দেখা যাবে।
এস এম/ ২১ এপ্রিল ২০২৬









