শিক্ষা

এসএসসি পরীক্ষার প্রথম দিনে ৬ শিক্ষার্থী ও এক শিক্ষক বহিষ্কার

ঢাকা, ২১ এপ্রিল – সারাদেশে কঠোর নিরাপত্তা ও সিসিটিভি ক্যামেরার নজরদারির মাধ্যমে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিনেই অসদুপায় অবলম্বনের দায়ে দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডে ৬ জন শিক্ষার্থীকে বহিষ্কার করার খবর পাওয়া গেছে। একই সাথে দায়িত্ব পালনে অবহেলার দায়ে কারিগরি শিক্ষা বোর্ডের একজন কক্ষ পরিদর্শককেও বহিষ্কারের আওতায় আনা হয়েছে।

মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে প্রথম দিনে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথম পত্র, মাদরাসা বোর্ডের অধীনে কুরআন মাজীদ ও তাজভীদ এবং কারিগরি বোর্ডের অধীনে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরিসংখ্যান অনুযায়ী নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৪৮১টি কেন্দ্রে মোট ১১ লাখ ৩৪ হাজার ৮৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ১১ লাখ ২২ হাজার ৯৬৩ জন। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১১ হাজার ৮৯০ জন। অসদুপায় অবলম্বনের কারণে ঢাকা ও দিনাজপুর বোর্ডের একজন করে মোট দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ৭৪১টি কেন্দ্রে ২ লাখ ৫৪ হাজার ৯০৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২ লাখ ৪৩ হাজার ৬৯২ জন অংশগ্রহণ করেছে। অনুপস্থিত ছিল ১১ হাজার ২১১ জন। এই বোর্ডে চারজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডের ৬৫৩টি কেন্দ্রে ১ লাখ ১৯ হাজার ২৫০ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ১৬ হাজার ৯৪৩ জন উপস্থিত ছিল। অনুপস্থিত ছিল ২ হাজার ৩০৭ জন।

কারিগরি বোর্ডে কোনো পরীক্ষার্থী বহিষ্কৃত না হলেও একজন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী এসএসসির লিখিত পরীক্ষা আগামী ২০ মে পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হওয়া এই লিখিত পরীক্ষা শেষে ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে।

এস এম/ ২১ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language