জাতীয়

সংসদ সচিবালয়ের কেনাকাটায় অনিয়মের অভিযোগ তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন

ঢাকা, ২০ এপ্রিল – জাতীয় সংসদ সচিবালয়ের কেনাকাটায় ‘হরিলুট’ বা অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কেনাকাটার কোনো বিল পরিশোধ করা হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রোববার জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. মনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যম ও অনলাইন পোর্টালে সংসদের কেনাকাটায় হরিলুট শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়েছে যা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। ওই সংবাদের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদের পক্ষ থেকে অচিরেই একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।

সংসদ সচিবালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, তদন্ত কমিটির প্রতিবেদন হাতে না আসা পর্যন্ত উল্লিখিত ক্রয় সংক্রান্ত কোনো বিল পরিশোধ করা হবে না। যথাযথ স্বচ্ছতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এনএন/ ২০ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language