সংগীত

লতা ও আশা ভোঁসলের স্মৃতিতে এশিয়ার বৃহত্তম হাসপাতাল গড়ছে মঙ্গেশকর পরিবার

মুম্বাই, ১৭ এপ্রিল – উপমহাদেশের দুই কিংবদন্তী কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলের স্মৃতিকে অম্লান করে রাখতে এক অনন্য উদ্যোগ নিয়েছে মঙ্গেশকর পরিবার। দুই বোনের সুরের জাদুতে বুঁদ হয়ে থাকা ভক্তদের জন্য এবার এক বিশাল হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।

পাঁচ ভাইবোনের মধ্যে বর্তমানে জীবিত থাকা উষা, মীনা এবং হৃদয়নাথ মঙ্গেশকর সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

সম্প্রতি লতা ও আশার ভাই হৃদয়নাথ মঙ্গেশকর এই মহতী উদ্যোগের কথা প্রকাশ্যে আনেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পারিবারিক সিদ্ধান্তে এই হাসপাতালটি প্রতিষ্ঠিত হবে। প্রকল্পের জন্য ইতোমধ্যে জমিও বরাদ্দ পাওয়া গেছে। উদ্যোক্তাদের লক্ষ্য এটি যেন এশিয়ার বৃহত্তম চিকিৎসাকেন্দ্রে পরিণত হয়।

হাসপাতালটির নাম আশা-লতা ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স অথবা লতা-আশা মঙ্গেশকর আয়ুর্বিদ্যা সংস্থান রাখার প্রস্তাবনা রয়েছে।

প্রায় ৪০ একর জায়গাজুড়ে বিস্তৃত এই প্রকল্পে সাড়ে ২২ লক্ষ বর্গফুটের ওপর ১০০০ শয্যা বিশিষ্ট একটি অত্যাধুনিক ভবন নির্মিত হবে। যেখানে মানুষের উন্নত চিকিৎসার পাশাপাশি ছোট প্রাণীদের চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা থাকবে।

এটিকে একটি আধুনিক বিশেষায়িত সার্জিক্যাল হাসপাতাল হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখছে মঙ্গেশকর পরিবার। মূলত দুই বোনের অবদানকে স্মরণীয় করে রাখতেই এই বিশাল কর্মযজ্ঞ শুরু হতে যাচ্ছে।

এনএন/ ১৭ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language