ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের লড়াকু পুঁজি, জয়ের লক্ষ্য ২৪৮ রান

ঢাকা, ১৭ এপ্রিল – মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে সফরকারীরা সংগ্রহ করেছে ২৪৭ রান।

বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় স্কোর গড়তে না পারলেও লড়াকু সংগ্রহ দাঁড় করিয়েছে কিউইরা। ব্যাটিংয়ে নেমে সপ্তম ওভারেই ওপেনার নিক ক্যালিকে হারায় নিউজিল্যান্ড।

শরিফুল ইসলামের বলে মাত্র ৭ রান করে বিদায় নেন তিনি। তবে দ্বিতীয় উইকেটে হেনরি নিকোলস ও উইল ইয়াং মিলে ৭৩ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন।

ইয়াং ৪২ বলে ৩০ রান করে রিশাদ হোসেনের বলে আউট হলে এই জুটি ভাঙে। এরপর দলীয় অধিনায়ক টম লাথাম ক্রিজে এসে সুবিধা করতে পারেননি। মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হওয়ার আগে তিনি ১৫ বলে ৯ রান করেন। একপ্রান্ত আগলে রেখে হেনরি নিকোলস নিজের অর্ধশতক তুলে নেন।

৮৩ বলে ৯টি চারের সাহায্যে ৬৮ রান করে রিশাদ হোসেনের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। এরপর ড্যান ফক্সক্রফট দলের হাল ধরেন এবং ৫২ বলে ব্যক্তিগত ফিফটি পূর্ণ করেন। তিনি শেষ পর্যন্ত ৫৮ বলে ৫৯ রান করে আউট হন। এছাড়া নাথান স্মিথ ২০ ও ব্লাইর টিকনার ৭ রান করলে কিউইদের ইনিংস ২৪৭ রানে থামে।

বাংলাদেশের হয়ে বল হাতে সফল ছিলেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম। তারা প্রত্যেকেই দুটি করে উইকেট শিকার করেন। এছাড়া মেহেদী হাসান মিরাজ ও নাহিদ রানা একটি করে উইকেট নেন। জয়ের জন্য বাংলাদেশের বর্তমান লক্ষ্য ২৪৮ রান।

এনএন/ ১৭ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language