ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ জনের মৃত্যু

জাকার্তা, ১৭ এপ্রিল – ইন্দোনেশিয়ার পশ্চিম কালিমান্তান প্রদেশে একটি যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আটজন প্রাণ হারিয়েছেন। গত বৃহস্পতিবার মেলাউই জেলায় এই দুর্ঘটনা ঘটে এবং শুক্রবার স্থানীয় দুর্যোগ মোকাবিলা দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।
নিহতদের মধ্যে দুইজন ক্রু এবং ছয়জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে একজন মালয়েশিয়ার নাগরিক বলে জানা গেছে।
বিধ্বস্ত এয়ারবাস এইচ১৩০ মডেলের হেলিকপ্টারটি স্থানীয় একটি বেসরকারি বিমান পরিষেবা সংস্থার মালিকানাধীন ছিল।
মেলাউই দুর্যোগ মোকাবিলা দপ্তরের উদ্ধারকারী বাহিনীর প্রধান মোহাম্মদ সায়াফি জানান, একটি পাম বাগান থেকে উড্ডয়নের মাত্র পাঁচ মিনিট পরেই হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ কক্ষের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরবর্তী সময়ে পার্শ্ববর্তী সেকাদাও জেলার একটি খাড়া পাহাড়ি এবং গভীর জঙ্গলে ঘেরা এলাকায় এর ধ্বংসাবশেষ পাওয়া যায়। দুর্গম এলাকা ও ঘন বনাঞ্চলের কারণে দুর্ঘটনাস্থলে পৌঁছাতে উদ্ধারকারী দলের বেশ বেগ পেতে হয়েছে।
মোহাম্মদ সায়াফি আরও জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার করা সবার অবস্থাই ছিল মৃত।
দুর্ঘটনার ধরন বিশ্লেষণ করে দেখা গেছে যে হেলিকপ্টারটির লেজের অংশ মূল কাঠামো থেকে বিচ্ছিন্ন হয়ে কয়েক কিলোমিটার দূরে পড়েছিল। তবে ঠিক কী কারণে লেজটি বিচ্ছিন্ন হয়েছে এবং দুর্ঘটনার সঠিক কারণ কী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় প্রশাসন ইতিমধ্যে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করেছে।
এনএন/ ১৭ এপ্রিল ২০২৬









