জাতীয়

শুক্রবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট: প্রথম যাত্রায় ৪১৯ জন

ঢাকা, ১৭ এপ্রিল – সৌদি সরকারের নির্ধারিত রোডম্যাপ অনুসরণ করে শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে শুরু হচ্ছে চলতি বছরের হজ ফ্লাইট। প্রথম ফ্লাইটটি রাত সাড়ে ১২টার দিকে ৪১৯ জন যাত্রী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবে। এই হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উপলক্ষ্যে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, আগামীকাল শনিবার বিভিন্ন এয়ারলাইনসের মোট ১৪টি ফ্লাইট পরিচালিত হবে।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ছয়টি, সৌদি আরবের সাউদিয়ার চারটি এবং ফ্লাইনাস এয়ারলাইনসের চারটি ফ্লাইট রয়েছে। ২০২৬ সালে বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালন করার সুযোগ পাবেন। যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৫৬৫ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে ৭৩ হাজার ৯৩৫ জন সৌদি আরব যাবেন। ইতোমধ্যে ১৭১ সদস্যের একটি বিশেষ মেডিক্যাল টিম সৌদি আরবে অবস্থান করছেন।

চুক্তি অনুযায়ী মোট হজযাত্রীর অর্ধেক পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বাকি অংশের মধ্যে ৩৫ শতাংশ সাউদিয়া এবং ১৫ শতাংশ ফ্লাইনাস এয়ারলাইনস বহন করবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর প্রত্যেক হজযাত্রীর জন্য ডিজিটাল পরিচয়পত্র হিসেবে নুসুক কার্ড ব্যবহার করা বাধ্যতামূলক।

এর মাধ্যমে সৌদি আরবে অবস্থানকালীন সব ধরনের সেবা পাওয়া যাবে। মোট ২০৭টি প্রি-হজ ফ্লাইটের মাধ্যমে যাত্রীদের সৌদি আরবে নেওয়া হবে এবং এই কার্যক্রম আগামী ২১ মে পর্যন্ত চলবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং এই প্রক্রিয়া ১ জুলাই শেষ হবে।

এস এম/ ১৭ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language