মক্কায় প্রবেশে নতুন কড়াকড়ি আরোপ করল সৌদি আরব

রিয়াদ, ১৪ এপ্রিল – পবিত্র হজ সামনে রেখে মক্কায় প্রবেশের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপ করেছে সৌদি আরব। নতুন নিয়ম অনুযায়ী, সরকারি অনুমতি ছাড়া কোনো বিদেশি নাগরিক বা সাধারণ সৌদি বাসিন্দা এখন আর মক্কায় প্রবেশ করতে পারবেন না।
গত সোমবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, আসন্ন হজ মৌসুমে হজযাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একজন কর্মকর্তা জানান, মক্কায় প্রবেশের জন্য বিদেশি নাগরিকদের কাছে অবশ্যই বৈধ পারমিট থাকতে হবে। যাদের কাছে এই পারমিট নেই, তাদের কোনোভাবেই সেখানে প্রবেশের সুযোগ দেওয়া হবে না। যাদের কাছে হজের ভিসা বা পবিত্র কাবা শরিফে কাজের অনুমতিপত্র নেই, তাদের সবার ক্ষেত্রেই এই নিয়ম সমভাবে প্রযোজ্য হবে।
অনুমতিবিহীন ব্যক্তিদের মক্কায় প্রবেশ ঠেকাতে বিভিন্ন প্রবেশমুখে বিপুলসংখ্যক নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে। চেকপয়েন্টগুলোতে তল্লাশি চালিয়ে যাদের কাছে বৈধ অনুমতিপত্র পাওয়া যাবে না, তাদের সেখান থেকেই ফিরিয়ে দেওয়া হচ্ছে।
এর পাশাপাশি, যাদের কাছে ওমরাহর ভিসা রয়েছে তাদের আগামী ১৮ এপ্রিলের মধ্যে মক্কা ত্যাগ করার জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ।
এনএন/ ১৪ এপ্রিল ২০২৬









