মধ্যপ্রাচ্য

মার্কিন জাহাজ সমুদ্রের তলদেশে পাঠানোর হুমকি দিল ইরান

তেহরান, ১৩ এপ্রিল – ইরানের হরমুজ প্রণালি ও উপসাগরীয় অঞ্চলের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধের কড়া সমালোচনা করেছে তেহরান।

ইরানের পররাষ্ট্রনীতি এবং জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য ও জ্যেষ্ঠ আইনপ্রণেতা আলেদ্দিন বুরুজার্দি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, অবরোধ করতে আসা মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোকে সমুদ্রের তলদেশে পাঠানো হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই অবরোধের নির্দেশকে তিনি ভিত্তিহীন প্রোপাগান্ডা হিসেবে আখ্যায়িত করেছেন।

বুরুজার্দি আরও উল্লেখ করেন, এই ধরনের অবরোধ আরোপের সক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই এবং ন্যাটোভুক্ত দেশগুলোও এই পদক্ষেপে অংশ নেবে না।

অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালিতে যেকোনো ধরনের বিদেশি আগ্রাসন এই অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে।

মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই নিক সতর্ক করে বলেছেন, যেকোনো আগ্রাসনকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে তারা বিন্দুমাত্র দ্বিধা করবেন না। শুধুমাত্র হরমুজ প্রণালি নয়, যেখানেই বিদেশি আগ্রাসন দেখা যাবে, সেখানেই যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন।

এই সামরিক পদক্ষেপ ওমান সাগর ও হরমুজ প্রণালিতে ব্যর্থ হবে এবং এর মাধ্যমে যুক্তরাষ্ট্র চূড়ান্তভাবে পরাজিত হবে বলে মন্তব্য করেছেন ইরানের সরকারি কর্মকর্তারা।

এনএন/ ১৩ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language