শিক্ষা

প্রাথমিক স্কুলের সব শিক্ষার্থী বিনামূল্যে ইউনিফর্ম পাবে: ববি হাজ্জাজ

ঢাকা, ১৩ এপ্রিল – দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেওয়ার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এই কার্যক্রম শুরু হয়েছে। বছরে একবার শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে এই ইউনিফর্ম তুলে দেওয়া হবে এবং বর্তমান সরকারের মেয়াদেই পর্যায়ক্রমে সব স্কুলে এটি বাস্তবায়ন করা হবে। সোমবার সকালে রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে একটি নীতি সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের শিক্ষা কর্মসূচির উদ্যোগে প্রাথমিক শিক্ষা সংস্কার বিষয়ক ওই সংলাপের আয়োজন করা হয়। মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও প্রমাণভিত্তিক সুপারিশ নীতিনির্ধারণে যুক্ত করার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছিল। প্রধান অতিথির বক্তব্যে ববি হাজ্জাজ বলেন, ইতোমধ্যে কিছু প্রাথমিক বিদ্যালয়ে মিডডে মিল চালু হয়েছে এবং আগামী বছরের মধ্যে সব স্কুলে এটি চালুর প্রত্যাশা রয়েছে। তিনি শিক্ষা খাতের উন্নয়নে কারিকুলাম, ক্লাসরুম ও ধারাবাহিকতার ওপর জোর দেন। প্রতিমন্ত্রী জানান, বর্তমান কারিকুলামে বেশ ঘাটতি রয়েছে।

সরেজমিন পরিদর্শনে তিনি দেখেছেন, চতুর্থ বা পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদেরও বর্তমান বই পড়তে বেশ সমস্যা হয়। তাই পড়াগুলো শিশুদের উপযোগী কি না তা যাচাই করে কারিকুলাম আপডেট করার কথা জানান তিনি। প্রাথমিক ও প্রাক প্রাথমিকে খেলাধুলা ও গল্পভিত্তিক শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, আনন্দদায়ক কারিকুলাম তৈরি করা হবে। তবে এটি হঠাৎ চাপিয়ে দেওয়া হবে না। ঘোষণা দিয়ে পাইলটিং ও শিক্ষকদের প্রশিক্ষণের পরই তা বাস্তবায়ন করা হবে।

সহশিক্ষা কার্যক্রম নিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি স্কুলে খেলাধুলা যুক্ত করতে ক্রীড়া মন্ত্রণালয় এবং নাচ, গান ও অভিনয়ের জন্য সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ চলছে। পাশাপাশি শিক্ষকদের পিটিআই থেকে দেওয়া দশ মাস মেয়াদি প্রশিক্ষণের প্রায়োগিক দিক আরও কার্যকর করার ওপরও তিনি জোর দেন। এই সংলাপে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক দেবব্রত চক্রবর্তী।

এস এম/ ১৩ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language