মার্কিন হুমকির জবাবে উপসাগরীয় বন্দরগুলো নিয়ে ইরানের কড়া হুঁশিয়ারি

তেহরান, ১৩ এপ্রিল – যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের সব বন্দর অবরোধ করার হুমকির পর পাল্টা কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের বন্দরগুলো নিয়ে এই সতর্কবার্তা উচ্চারণ করা হয়েছে। সোমবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, মার্কিন অবরোধের প্রস্তাবের মুখে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর বা আইআরজিসি স্পষ্ট করে জানিয়েছে, ইরানের নিজস্ব বন্দরগুলো যদি কোনো ধরনের হুমকির সম্মুখীন হয়, তবে পারস্য উপসাগর এবং ওমান সাগরের কোনো বন্দরই আর নিরাপদ থাকবে না।
পাকিস্তানে অনুষ্ঠিত যুদ্ধবিরতি আলোচনা ব্যর্থ হওয়ার পর রবিবার মার্কিন সামরিক বাহিনী ঘোষণা দেয় যে, সোমবার থেকে হরমুজ প্রণালী দিয়ে ইরানের বন্দরগুলোতে প্রবেশ এবং বের হওয়া সব ধরনের নৌ চলাচলের ওপর অবরোধ আরোপ করা হবে। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, দেশের জলসীমায় সার্বভৌমত্ব প্রয়োগ এবং আইনগত অধিকার রক্ষা করা তাদের স্বাভাবিক কর্তব্য। তারা হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করার কাজ অব্যাহত রাখবে।
তবে শত্রু সমর্থিত কোনো জাহাজকে এই প্রণালী দিয়ে যাতায়াত করতে দেওয়া হবে না। অন্যান্য বাণিজ্যিক জাহাজকে ইরানের প্রচলিত নিয়মনীতি মেনে যাতায়াতের অনুমতি দেওয়া হবে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইরানি জাতি ও জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে শত্রুপক্ষের অব্যাহত হুমকির কারণে বর্তমান যুদ্ধাবস্থা শেষ হওয়ার পরও হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে একটি স্থায়ী ব্যবস্থা বহাল রাখা হবে। আন্তর্জাতিক জলসীমায় জাহাজ চলাচলের ওপর যুক্তরাষ্ট্রের এই ধরনের বিধিনিষেধ আরোপকে বেআইনি ও জলদস্যুতা বলে অভিহিত করেছে ইরান।
এস এম/ ১৩ এপ্রিল ২০২৬









