জয়পুরহাটে জুলাই হত্যা মামলার ৬ আসামির আত্মসমর্পণ, কারাগারে প্রেরণ

জয়পুরহাট, ১৩ এপ্রিল – জয়পুরহাটে জুলাই অভ্যুত্থানের হত্যাকাণ্ডসহ একাধিক মামলার আসামি এবং নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের ছয় নেতা আদালতে আত্মসমর্পণ করেছেন। সোমবার দুপুরে জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তারা জামিন আবেদন করেন। তবে আদালতের বিচারক নিশিত কুমার তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে যাওয়া আসামিরা হলেন জয়পুরহাট সদর উপজেলার দোগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামছুল ইসলাম সুমন, পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কুসুম্বা ইউপি চেয়ারম্যান জিহাদ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান পিন্টু চৌধুরী, জয়পুরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন সাবু, ওয়ালিউজ্জামান বাপ্পি এবং ইউপি সদস্য শফিকুল ইসলাম।
আদালত সূত্রে জানা যায়, জুলাই মাসের হত্যাকাণ্ডসহ বিভিন্ন মামলায় তারা আসামি হিসেবে তালিকাভুক্ত ছিলেন। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সোমবার তারা একযোগে আদালতে হাজির হয়ে এই জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের আবেদন খারিজ করে দেন।
পরবর্তীতে আদালতের নির্দেশে পুলিশি প্রহরায় তাদের জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়। জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি আইনজীবী শাহনুর রহমান শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনায় আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এই আদেশ দিয়েছেন।
এস এম/ ১৩ এপ্রিল ২০২৬








