রাবিতে বৈশাখী শোভাযাত্রায় থাকছে ঘোড়াগাড়ি, বার্তা জ্বালানি সাশ্রয়ের

রাজশাহী, ১৩ এপ্রিল – বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে ভিন্নধর্মী বার্তা নিয়ে এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বৈশাখী শোভাযাত্রা। লোকজ ঐতিহ্যের সঙ্গে বর্তমান বিশ্ব পরিস্থিতিকে যুক্ত করে এই আয়োজনে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ঘোড়াগাড়ি ও টমটম। সোমবার বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন ড. মোহাম্মদ আলী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈশাখী শোভাযাত্রার মূল ধারণায় এবার কিছুটা পরিবর্তন আনা হয়েছে।
বৈশ্বিক সংকট ও চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকট বাড়ছে, যার প্রভাব পড়ছে পরিবহন খাতে। এই প্রেক্ষাপটে বাঙালির ঐতিহ্যবাহী বাহনকে প্রতীক হিসেবে তুলে ধরা হচ্ছে। শোভাযাত্রায় ঘোড়াগাড়ি রাখার মাধ্যমে নিজস্ব শক্তিতে এগিয়ে যাওয়ার বার্তা দেওয়া হবে। ঘোড়ার নিরবচ্ছিন্ন গতি স্বনির্ভরতার প্রতীক হিসেবেও তুলে ধরা হবে বলে জানান এই শিক্ষক।
এছাড়া শোভাযাত্রায় টমটম, ইলিশ মাছ এবং রাজা রানির মুকুট সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড থাকবে, যা বাঙালির লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রতিনিধিত্ব করবে। চারুকলা প্রাঙ্গণেই এই বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হবে। সকাল দশটায় শুরু হবে বৈশাখী শোভাযাত্রা। এই উপলক্ষে রাজা রানির মুখোশ, ইলিশ মাছসহ বিভিন্ন লোকজ উপকরণের প্ল্যাকার্ড তৈরির কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
দিনব্যাপী আয়োজনে বিকেল থেকে শুরু হবে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। চারুকলার শিক্ষার্থীদের পাশাপাশি বাউল শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। এদিকে পহেলা বৈশাখ উপলক্ষে সন্ধ্যায় লোকসুরে নববর্ষ শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা রাকসু। এছাড়া বৈশাখী উৎসব উপলক্ষে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
এস এম/ ১৩ এপ্রিল ২০২৬









