মধ্যপ্রাচ্য

ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ, তেলের দাম ছাড়াল ১০৩ ডলার

তেহরান, ১৩ এপ্রিল – ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৩ ডলার ছাড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন করে এই অবরোধ আরোপের কথা জানিয়েছেন।

রোববার আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম আট শতাংশের বেশি বেড়ে যায়। যুক্তরাষ্ট্র এবং ইরানি কর্মকর্তাদের মধ্যে চলমান যুদ্ধবিরতি আলোচনা ব্যর্থ হওয়ার পর এই সিদ্ধান্ত আসে।

ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালিতে সব ধরনের জাহাজের প্রবেশ বা প্রস্থান আটকে দেবে। পরবর্তী সময়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বিষয়টি স্পষ্ট করে। তারা জানায় শুধুমাত্র ইরানগামী এবং ইরান থেকে ছেড়ে আসা জাহাজগুলোকেই বাধা দেওয়া হবে। অন্যান্য যান চলাচলে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে না। এর মাধ্যমে ট্রাম্পের পূর্ণাঙ্গ অবরোধ আরোপের হুমকি থেকে সরে আসার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে সোমবার সকাল ১০টা থেকে এই অবরোধ কার্যকর হবে। এর আগে ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি হামলার পর তেহরান হরমুজ প্রণালিতে কার্যত অবরোধ আরোপ করেছিল। তখন থেকেই তেলের বাজারে ব্যাপক অস্থিরতা শুরু হয়।

উল্লেখ্য হরমুজ প্রণালি বিশ্বের প্রায় এক পঞ্চমাংশ তেল এবং প্রাকৃতিক গ্যাস সরবরাহের অন্যতম প্রধান পথ। ছয় সপ্তাহের বেশি সময় ধরে চলা সংঘাতের জেরে এর আগে ব্রেন্ট তেলের দাম ব্যারেলপ্রতি ১১৯ ডলার ছাড়িয়ে গিয়েছিল। তবে যুক্তরাষ্ট্র এবং ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করলে গত সপ্তাহে তা ৯২ ডলারের নিচে নেমে আসে।

বর্তমানে ইরান পূর্ব যাচাই বাছাই এবং অনুমোদনের শর্তে সীমিত সংখ্যক জাহাজকে এই জলপথ দিয়ে যাতায়াতের অনুমতি দিলেও স্বাভাবিক সময়ের তুলনায় তা প্রায় বন্ধ রয়েছে।

এনএন/ ১৩ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language