জাতীয়

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ৩ দিনে মনোনয়ন নিলেন ১৯৯ জন

ঢাকা, ১২ এপ্রিল – ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে তৃতীয় দিনে ৭৪ জন নারী প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সব মিলিয়ে গত তিন দিনে মোট ১৯৯ জন নারী প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই প্রার্থীরা সবাই বিএনপির মনোনয়ন পাওয়ার আশায় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবন থেকে রোববার এই মনোনয়নপত্রগুলো সংগ্রহ করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার ৫২ জন এবং শনিবার ৭৩ জন নারী নির্বাচন কমিশন থেকে তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেন। তৃতীয় দিনে মনোনয়নপত্র সংগ্রহকারী নারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন তাহমিনা কবীর, রুমা আক্তার, রেহানা ইয়াসমিন ডলি, নাহিদ আকতার খানম, মিনা বেগম মিনি, আফসানা আক্তারসহ আরও অনেক নারী প্রার্থী।

গত বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২১ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তা আগামী ২২ ও ২৩ এপ্রিল নির্বাচন কমিশন সচিবালয় ভবনে মনোনয়নপত্র বাছাইয়ের কাজ সম্পন্ন করবেন। মনোনয়নপত্রের বিষয়ে কারও আপিল করার থাকলে ২৬ এপ্রিল আবেদন করা যাবে এবং ২৭ ও ২৮ এপ্রিল আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল।

সবশেষে আগামী ১২ মে এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এনএন/ ১২ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language