মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি ও অভিবাসন ব্যয় কমাতে বিশেষ জোর: মাহদী আমিন

ঢাকা, ১২ এপ্রিল – প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, মালয়েশিয়ার উন্নয়নে বাংলাদেশি শ্রমিকদের অসামান্য অবদান রয়েছে। এই বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশের শ্রমিকদের জন্য বিশেষ কোনো সুযোগ তৈরি করা যায় কি না, সে বিষয়ে মালয়েশিয়া সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে। মালয়েশিয়া সরকারও আলোচনার মাধ্যমে এ বিষয়ে তাদের পরবর্তী সিদ্ধান্ত জানাবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। রবিবার সচিবালয়ে মালয়েশিয়া সফর শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন জানান, মালয়েশিয়ার উচ্চ শিক্ষামন্ত্রীর সঙ্গেও তাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে উচ্চশিক্ষায় ডিগ্রি ও সনদের সমন্বয়, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়ের নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীও এসব বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছেন। দুই দেশের শিক্ষা ও গবেষণায় বহুমুখী সহযোগিতার জন্য একটি যৌথ প্ল্যাটফর্ম তৈরির ওপরও জোর দেওয়া হয়।
উপদেষ্টা বলেন, তিন দিনের এই সংক্ষিপ্ত সফরে মালয়েশিয়ার সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বর্তমান সরকার একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রধান লক্ষ্য হলো স্বচ্ছ প্রক্রিয়ায় অভিবাসন ব্যয় কমিয়ে দ্রুততম সময়ের মধ্যে অধিকসংখ্যক জনশক্তি রপ্তানি করা। মালয়েশিয়া সরকারও স্বীকার করেছে যে অভিবাসন ব্যয় কমানোর বিষয়ে বর্তমান সরকার যতটা জোর দিয়েছে, এর আগে অন্য কোনো সরকার এমন চাপ প্রয়োগ করেনি।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে বাংলাদেশ থেকে প্রথম জনশক্তি রপ্তানি শুরু হয়। প্রবাসীদের কষ্টার্জিত অর্থই আজ বাংলাদেশের অর্থনীতির অন্যতম বড় ভিত্তি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমলেই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় গঠিত হয়েছিল। তাই প্রবাসীদের কল্যাণ সব সময়ই তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পায়।
মাহদী আমিন উল্লেখ করেন, তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এ বছর প্রথমবারের মতো প্রবাসীরা ভোটাধিকার প্রয়োগ করেছেন। আগামীতে প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড চালু করা হবে। অদক্ষ, আধাদক্ষ ও দক্ষ সব শ্রেণিতে জনশক্তি রপ্তানি বৃদ্ধি এবং প্রবাসীদের জীবনমান উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মালয়েশিয়া সফরেও দুই দেশের মধ্যে বিদ্যমান সমস্যাগুলো একত্রে সমাধানের বিষয়ে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে বলে তিনি জানান।
এস এম/ ১২ এপ্রিল ২০২৬









