জাতীয়

ঢাকায় তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস, দেশজুড়ে বাড়বে গরমের তীব্রতা

ঢাকা, ১২ এপ্রিল – শুষ্ক আবহাওয়ার প্রভাবে রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ফলে তীব্র গরমের কারণে সাধারণ মানুষের অস্বস্তি আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

রোববার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য প্রকাশিত পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ায় গরমের অনুভূতি আরও তীব্র হতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ। দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

অন্যদিকে সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সন্ধ্যা ৬টার মধ্যে সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বজ্রবৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। পাশাপাশি সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

এনএন/ ১২ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language