ধামরাইয়ে এনসিপির কার্যালয় উদ্বোধন ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

ঢাকা, ১১ এপ্রিল – ঢাকার ধামরাইয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার কালামপুর বাসস্ট্যান্ড এলাকার হাজী কামরুল সুপার মার্কেটে এই সংঘাতের সৃষ্টি হয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, হাজী কামরুল সুপার মার্কেটের তৃতীয় তলায় এনসিপির ঢাকা জেলা উত্তর ও ধামরাই উপজেলার অস্থায়ী কার্যালয় উদ্বোধনের আয়োজন করা হয়। কার্যালয় উদ্বোধন শেষে নেতাদের বক্তব্য চলাকালে পদবঞ্চিত নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়ে বর্তমান কমিটির বিরোধিতা শুরু করেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে রক্তক্ষয়ী সংঘর্ষ বেধে যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ঢাকা জেলা উত্তর এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ অভিযোগ করে বলেন, দলের ভেতরে থাকা কিছু স্বার্থান্বেষী ব্যক্তি জুলাই অভ্যুত্থানকে পুঁজি করে নিজেদের স্বার্থ হাসিল করছে। ঢাকা জেলা উত্তরের এই কমিটি পূর্ণাঙ্গভাবে আত্মপ্রকাশ করলে তাদের অবৈধ সুবিধা বন্ধ হয়ে যাবে, এমন আশঙ্কা থেকেই তারা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।
জানা গেছে, সংঘর্ষে আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। মাথায় আঘাত পাওয়ায় তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে ধামরাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা খান জানান, এনসিপির কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দুই পক্ষের মারধরের ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এনএন/ ১১ এপ্রিল ২০২৬









