মধ্যপ্রাচ্য

পাক প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্যকে ‘ভয়ানক’ আখ্যা দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী

তেল আবিব, ১০ এপ্রিল – লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। তার এই মন্তব্যকে ভয়ানক বলে আখ্যায়িত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

গত ৮ এপ্রিল রাতে লেবাননে ইসরায়েলি বাহিনীর বিধ্বংসী বিমান হামলায় অন্তত ২৫৪ জন লেবানিজ নাগরিক নিহত এবং এক হাজার একশর বেশি মানুষ আহত হন। হতাহতদের অধিকাংশই নিরীহ বেসামরিক নাগরিক বলে জানা গেছে।

এই হামলার পর এক্সে ইসরায়েলের কড়া সমালোচনা করেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। খাজা আসিফ তার পোস্টে ইসরায়েলকে মানবতার জন্য অভিশাপ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, একদিকে ইসলামাবাদে শান্তি সংলাপের প্রস্তুতি চলছে, অন্যদিকে লেবাননে গণহত্যা চালানো হচ্ছে। গাজা, ইরান এবং সর্বশেষ লেবাননে ইসরায়েলের হাতে নিরপরাধ মানুষের প্রাণহানির তীব্র সমালোচনা করেন তিনি। ইউরোপীয় ইহুদিদের থেকে মুক্তি পেতে যারা ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের মতো একটি রাষ্ট্র সৃষ্টি করেছিল, তাদের কঠোর পরিণতিও কামনা করেন তিনি।

খাজা আসিফের এই বিবৃতির পর পরই এক্সে প্রতিক্রিয়া ব্যক্ত করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। নেতানিয়াহু বলেন, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েলকে ধ্বংসের ডাক দিয়েছেন যা অত্যন্ত ভয়ানক। নিজেদের শান্তির জন্য নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে দাবি করা একটি সরকারের কাছ থেকে এমন বক্তব্য একেবারেই অপ্রত্যাশিত বলে তিনি উল্লেখ করেন।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সারও পাক প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন। পৃথক এক পোস্টে তিনি এই মন্তব্যকে নির্লজ্জ ইহুদিবিদ্বেষী আখ্যা দিয়ে বলেন, ইসরায়েলকে ক্যান্সার হিসেবে উল্লেখ করার অর্থ হলো রাষ্ট্রটিকে ধ্বংসের আহ্বান জানানো। যারা ইসরায়েলকে ধ্বংস করতে চায়, তাদের হাত থেকে দেশটি সব সময় নিজেকে রক্ষা করবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

এনএন/ ১০ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language