জাতীয়

নববর্ষ উদযাপনে ফানুস ও আতশবাজি নিষিদ্ধ, অনুষ্ঠান শেষ করতে হবে সন্ধ্যা ৬টায়

ঢাকা, ৯ এপ্রিল – বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন নির্বিঘ্ন করতে দেশব্যাপী ফানুস উড়ানো, আতশবাজি ফোটানো, গ্যাস বেলুন এবং ভুভুজেলা বাজানোর ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। একই সঙ্গে সব উন্মুক্ত অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। নববর্ষের মঙ্গল শোভাযাত্রায় মুখে মুখোশ পরা যাবে না, তবে তা হাতে বহন করা যাবে।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। সভায় জানানো হয়, রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়, হাতিরঝিল ও রবীন্দ্রসরোবরসহ সারা দেশে আয়োজিত বৈশাখী অনুষ্ঠানগুলো অবশ্যই সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে হবে। বিকেল ৫টার পর এসব উৎসবস্থলে নতুন করে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ আয়োজিত মঙ্গল শোভাযাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরদারি থাকবে। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের শুরুতেই যুক্ত হতে হবে, মাঝপথ থেকে কেউ প্রবেশ করতে পারবেন না।

নিরাপত্তার স্বার্থে রমনা বটমূল, ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ওয়াচ টাওয়ার, সিসি ক্যামেরা ও পর্যাপ্ত আর্চওয়ে বসানো হবে।

ইভ টিজিং, ছিনতাই এবং পকেটমার প্রতিরোধে সারা দেশে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মাঠে থাকবে।

পহেলা বৈশাখের দিন নিরাপত্তার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন মেট্রোরেল স্টেশন বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে। ১৩ এপ্রিল সন্ধ্যা ৭টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় স্টিকারবিহীন কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না।

উৎসবস্থলে সাধারণ মানুষকে ব্যাগ, ব্যাকপ্যাক ও দিয়াশলাই বা লাইটার বহন না করতে বলা হয়েছে। পাশাপাশি শিশুদের পকেটে তাদের পরিচয় ও অভিভাবকের নম্বর লেখা চিরকুট রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এনএন/ ৯ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language