১৩৩টি অধ্যাদেশ পাসে শুক্রবারও বসবে সংসদ অধিবেশন

ঢাকা, ৮ এপ্রিল – কাজের পরিধি বিবেচনায় শুক্রবারও জাতীয় সংসদের অধিবেশন চলবে বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। বুধবার চলমান সংসদ অধিবেশনের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন। চিফ হুইপ জানান বর্তমান অধিবেশনে এখন পর্যন্ত ৪৪টি অধ্যাদেশ বিল আকারে পাস হয়েছে।
তবে শুক্রবারের মধ্যে মোট ১৩৩টি অধ্যাদেশের নিষ্পত্তি করা হবে। অতিরিক্ত কাজের চাপ সামলাতেই ছুটির দিনেও অধিবেশন পরিচালনার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে সংসদ ভবনের সাউন্ড সিস্টেমের ত্রুটি ও অব্যবস্থাপনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন নূরুল ইসলাম মনি।
তিনি জানান সংসদের সাউন্ড সিস্টেম সংস্কারে বড় ধরনের অনিয়ম হয়েছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা এই অনিয়মের সঙ্গে জড়িত এবং নিম্নমানের কাজ করেছে তাদের প্রত্যেককে কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। সংসদ সচিবালয় সূত্রে জানা যায় জরুরি ও গুরুত্বপূর্ণ বিলগুলো দ্রুত পাসের লক্ষ্যেই এই বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এস এম/ ৮ এপ্রিল ২০২৬









