মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালিতে ইরানবিরোধী প্রস্তাবে চীন ও রাশিয়ার ভেটো

তেহরান, ৮ এপ্রিল – জাতিসংঘের নিরাপত্তা পরিষদে হরমুজ প্রণালিতে ইরানের কর্মকাণ্ডের বিরুদ্ধে তোলা একটি প্রস্তাবে ভেটো দিয়েছে চীন ও রাশিয়া। প্রস্তাবটিতে ইরানের বিরুদ্ধে সমন্বিত ও জোরালো প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছিল।

প্রস্তাবের পক্ষে ১১টি দেশ ভোট প্রদান করে এবং পাকিস্তান ও কলম্বিয়া ভোটদানে বিরত থাকে।

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল লতিফ বিন রশিদ আল জায়নি এই গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন। ভোটাভুটির আগে নিরাপত্তা পরিষদের সদস্যদের উদ্দেশে তিনি জানান যে নতুন কোনো বাস্তবতা তৈরি করতে না পারলেও এই প্রস্তাবটি ছিল মূলত ইরানের শত্রুতাপূর্ণ আচরণের প্রতি একটি সমুচিত জবাব। তিনি জোর দিয়ে বলেন ইরানের এ ধরনের আচরণ অনতিবিলম্বে বন্ধ হওয়া উচিত।

প্রস্তাবটি পাস না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী বলেন এর নেতিবাচক প্রভাব বিশ্বের অন্যান্য প্রণালি ও সমুদ্রপথের ওপর পড়তে পারে। যার ফলশ্রুতিতে বিশ্বজুড়ে সামুদ্রিক বাণিজ্যে নতুন করে অস্থিরতা তৈরি হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে।

এনএন/ ৮ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language