মধ্যপ্রাচ্য

হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের শিকার ব্রিটিশ যুদ্ধজাহাজ, দাবি ইসরায়েলি গণমাধ্যমের

তেল আবিব, ৬ এপ্রিল – লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ পূর্ব ভূমধ্যসাগরে একটি যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গোষ্ঠীটির দাবি তারা ইসরায়েলি যুদ্ধজাহাজ ভেবে এই হামলাটি করেছে। তবে ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল ১৪ জানিয়েছে হামলার শিকার হওয়া জাহাজটি ইসরায়েলি নয় বরং এটি একটি ব্রিটিশ যুদ্ধজাহাজ।

বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি লেবানন উপকূলের বাইরে একটি সামুদ্রিক লক্ষ্যবস্তুতে হিজবুল্লাহ ভূমি থেকে সমুদ্রে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছোড়ে। তারা ধারণা করেছিল এটি একটি ইসরায়েলি যুদ্ধজাহাজ যা লেবাননের ভেতরে হামলার প্রস্তুতি নিচ্ছিল। ক্ষেপণাস্ত্রটি জাহাজটিতে আঘাত হানে এবং কিছু ক্ষতি হয়। তবে এরপরেও জাহাজটি তার মিশন চালিয়ে যেতে সক্ষম হয়।

রবিবার হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয় শনিবার ও রবিবার মধ্যরাতে লেবানন উপকূল থেকে প্রায় ৬৮ নটিক্যাল মাইল দূরে একটি ইসরায়েলি সামরিক যুদ্ধজাহাজ লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

কয়েক ঘণ্টা নজরদারির পর একটি নৌ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই সরাসরি আঘাত হানা হয় বলে গোষ্ঠীটি দাবি করে। এই ঘটনার বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। পাশাপাশি ব্রিটিশ যুদ্ধজাহাজে হামলার বিষয়ে যুক্তরাজ্যের পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

এস এম/ ৬ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language