চট্টগ্রাম

মধ্যপ্রাচ্যে সংঘাত: চট্টগ্রামে ১৯টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

চট্রগ্রাম, ৬ এপ্রিল – মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির অবনতি হওয়ায় আকাশপথে যোগাযোগ ব্যবস্থায় আবারও বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। এর প্রত্যক্ষ প্রভাব পড়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। গত শনি ও রোববার এই দুই দিনে মধ্যপ্রাচ্যগামী এবং মধ্যপ্রাচ্য থেকে আসা মোট ১৯টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত শাহ আমানত বিমানবন্দরে সর্বমোট ২৬৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হলো।

রোববার রাতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনি ও রোববার বাতিল হওয়া ১৯টি আন্তর্জাতিক ফ্লাইটের মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আসা চারটি এবং যাওয়া তিনটিসহ মোট সাতটি ফ্লাইট। এছাড়া ইউএস বাংলা এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য রুটের চারটি, এয়ার আরাবিয়ার শারজাহ রুটের চারটি এবং সালাম এয়ারের ওমান রুটের চারটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

তবে ফ্লাইট বাতিলের এই পরিস্থিতির মধ্যেও গত দুই দিনে মধ্যপ্রাচ্য থেকে আসা বিভিন্ন এয়ারলাইন্সের ১৩টি ফ্লাইট এবং মধ্যপ্রাচ্যগামী ১০টি ফ্লাইট সচল ছিল বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, সালাম এয়ার, এয়ার আরাবিয়া এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের শারজাহ, দুবাই ও আবুধাবি থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলোর ক্ষেত্রে এখনো স্থবিরতা বিরাজ করছে।

এর ফলে ওই অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের যাতায়াতে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে। তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে এই অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে। তাই যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে যাত্রীদের বিমানবন্দরে আসার আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্স কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এস এম/ ৬ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language