শিক্ষা

২০২৬ সালের এইচএসসি প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু

ঢাকা, ৬ এপ্রিল – ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া আজ শুরু হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে ৬ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন বা ইএসআইএফ সম্পন্ন করতে হবে। বিজ্ঞপ্তির তথ্যমতে ২০২১ সাল বা তার আগে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০২৬ সালের এইচএসসিতে প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

অন্যদিকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে ২০২০ সাল বা তার আগে এসএসসি উত্তীর্ণরা এই সুযোগ পাবেন। পরীক্ষার্থীরা শুধুমাত্র মানবিক ব্যবসায় শিক্ষা ও ইসলামি শিক্ষা শাখায় পরীক্ষা দিতে পারবেন। প্রাইভেট পরীক্ষার্থীদের জন্য ব্যবহারিক পরীক্ষা রয়েছে এমন বিষয় আইসিটি ছাড়া এবং চতুর্থ বিষয় গ্রহণের কোনো সুযোগ থাকছে না। প্রতিটি শিক্ষার্থীর তালিকাভুক্তির জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।

আগামী ১৩ এপ্রিলের মধ্যে অনলাইনে ফরম পূরণ শেষ করে ১৫ এপ্রিলের মধ্যে পূরণকৃত ফরম ও নম্বরপত্রের মূল কপি বোর্ডে জমা দিতে হবে। এছাড়া কারিগরি বা মাদরাসা বোর্ড থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের নম্বরপত্র সংশ্লিষ্ট বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দ্বারা যাচাইকৃত হতে হবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড আগামী ২২ এপ্রিল বোর্ড থেকে সংগ্রহ করতে হবে এবং কোনো তথ্যে ভুল থাকলে তা ২৩ এপ্রিলের মধ্যে সংশোধন করতে হবে।

সরকারি বা বোর্ডের কোনো কর্মচারী কর্মরত অবস্থায় নিজ বোর্ড থেকে পরীক্ষায় অংশ নিতে পারবেন না বলেও স্পষ্ট করা হয়েছে। নির্বাচনী পরীক্ষায় বাংলা ইংরেজি ও আইসিটিসহ তিনটি নৈর্বাচনিক বিষয় মিলিয়ে মোট ৬টি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হবে। পাঠ্যসূচির গুচ্ছের বাইরের কোনো বিষয় গ্রহণ করলে পরীক্ষা বাতিল বলে গণ্য হবে।

এস এম/ ৬ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language