হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে ট্রাম্পের আল্টিমেটাম, অন্যথায় হামলার হুমকি

তেহরান, ৬ এপ্রিল – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবারের মধ্যে ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। এই নির্দেশ অমান্য করলে ইরানকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে বলে তিনি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প জানিয়েছেন যে হরমুজ প্রণালি উন্মুক্ত করা না হলে যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের বিদ্যুৎকেন্দ্র এবং সেতুগুলোর ওপর হামলা চালাবে।
অন্যদিকে ইরানও এই হুমকির কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। দেশটির শীর্ষ কর্মকর্তারা বলেছেন তাদের কোনো অবকাঠামোতে হামলা চালানো হলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।
মার্কিন প্রেসিডেন্টের এই ধরনের বক্তব্যকে তারা যুদ্ধাপরাধে উসকানি হিসেবে আখ্যায়িত করে তীব্র নিন্দা জানিয়েছেন।
এদিকে উপসাগরীয় অঞ্চলে চরম উত্তেজনার মধ্যেই ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে যে ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের হাইফা শহরের একটি আবাসিক ভবনে আঘাত হেনেছে। এই ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন এবং আরও চারজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। পাশাপাশি পুরো উপসাগরীয় অঞ্চলজুড়ে ইরানের আক্রমণ অব্যাহত রয়েছে।
ইতিমধ্যে কুয়েতের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পানি শোধনাগার এবং তেল স্থাপনায় হামলা চালানো হয়েছে। একই সঙ্গে বাহরাইনের একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনাকেও এই হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে।
এনএন/ ৬ এপ্রিল ২০২৬









